আশুরার দিনের একমাত্র আমল ৯ এবং ১০ মুহাররম সিয়াম পালন। এর বাইরে যে সকল আমলের কথা বলা হয় যেমন আশুরার রাত্রে বিশেষ সুরা মিলিয়ে সালাত আদায়, ভাল খাবার আযোজন করা ইত্যাদি কোন কিছুই সহীহ্ হাদীস দ্বারা সাব্যস্ত নয়। একটি অত্যন্ত দূর্বল হাদীসে এই দিন পরিবারের জন্য ভাল খাবার আয়োজন করার কথা বলা হয়েছে ।
“যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের জন্য প্রশস্তভাবে খরচ করবে, আল্লাহ্ সারা বৎসরই সেই ব্যক্তিকে প্রশস্ত রিযক প্রদান করবেন।”
হাদীসটি মিশকাতে বর্ণিত এবং যেহেতু হাদীসের এই বইটি আমাদের উপমহাদেশে আলেম সমাজে বহুল প্রচলিত তাই অনেক অসতর্ক আলিম সহীহ-যয়িফের তাহকিক না করে বিভিন্ন মজলিশে এই হাদীসটি বয়ান করেন। কিন্তু হাদীসটি জাল, বানোয়াট অথবা খুবই দূর্বল বিধায় আমলযোগ্য নয়।
ইমাম আহমদ (রহ), ইমাম ইবনু তাইমিয়া (রহ) প্রমুখ মুহাদ্দিসগণ এক কথায় হাদীসটিকে জাল এবং বানোয়াট বলেছেন। ইবনু হাজার আসকালানী (রহ) হাদীসটিকে অত্যন্ত আপত্তিকর ও খুবই দূর্বল বলেছেন। (ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর, হাদীসের নামে জালিয়াতি: প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা/ আলবানী, মিশকাতে বর্ণিত জাল ও যয়িফ হাদীস)
শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া (রহ) তার ফতোয়ার কিতাবে লিখেন, আশুরার দিনে ছেলেমেয়েদের ভাল ভাল খাওয়ানো, বেশী বেশী সালাম মুসাআফা করা, মেহেদী লাগানো, গোসল করা, বিশেষ নফল পড়া, ইত্যাদী এইগুলি সবই রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর উপর মিথ্যা জাল কথা। আশুরা সম্পর্কে সিয়াম পালন ছাড়া আর কোন আমলই সহীহ্ হাদীস দ্বারা সাব্যস্ত নয়।